নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া এলাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে র্যাব।
শনিবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে মুড়াপাড়া এলাকার লিনা পেপার মিলের সামনে থেকে তাদের আটকের পর রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, ভোররাতে উপজেলার মুড়াপাড়া বাজারে অবস্থিত লিনা পেপার মিলে ১০-১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরের ভিত্তিতে র্যাবের একটি টহল দল অভিযান চালিয়ে লিনা পেপার মিলের সামনে থেকে ডাকাত সর্দার রূপগঞ্জের মঙ্গলখালী এলাকার আইয়ুব আলী (৪৫), মাহমুদাবাদ এলাকার শিপন মিয়া (৩৯), ব্রাহ্মণগাঁও এলাকার শরীফ (৩৫), শাহাপুর এলাকার মিলন মিয়া (৪৪), দরিকান্দি এলাকার সাকিল আহম্মেদ (২৩), ইমতিয়াজ (২৩) ও মতিয়ার মৃধাকে (২৫) আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, সুইচ গিয়ার চাকু, কাটার, দুটি হাসুয়া, একটি লোহার ছোরা, দুটি শাবল, দুটি লোহার পাইপ জব্দ করা হয়।
আরও পড়ুন: নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল, মাছ ধরা ট্রলার দুবলার চরে
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, রাতেই আটককৃতদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতরা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছিলেন। আটক ডাকাত দলের সর্দার আইয়ুবুর আলীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ১০টি মামলা রয়েছে।
একাত্তর/জো