নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে একথা জানান অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদীর মাধবদী থানার সাগরদী এলাকার মো. ইব্রাহিম (৪০), একই এলাকার শফিকুল ইসলাম বাদল (৪০), মাধবদীর ডৌকাদি এলাকার মো. ইউনুস (৩৫), বালাপুরের মো. আয়ুব (২৫), বিরামপুর এলাকার মো. শাহীন (৩৭), নরসিংদী সদরের বানিয়াছল এলাকার মো. রুবেল (২৩), নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শালমদী এলাকার মো. শাহীন (২৩) ও যশোরের কোতয়ালী থানার সাজেআলী এলাকার মো. জাহাঙ্গীর (৪০)।
অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন জানান, সোমবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানাধীন চৌয়া সাকিনস্থ মতি সাহেবের প্রজেক্ট সংলগ্ন কালভার্টের ওপর হতে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন আন্তঃজেলা ডাকাত সদস্যকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ১টি কাটার, ২টি রামদা, ১টি লোহার পাইপ, ১টি লোহার পাত ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়িসহ গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষায় নকল দিতে গিয়ে তিন শিক্ষক গ্রেপ্তার
তিনি আরো জানায়, জিজ্ঞাসাবাদে আসামিরা জানান তারা পরস্পর সহযোগিতায় মাধবদী থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্য ঘটনাস্থলে অস্ত্র গুলি ও দেশীয় অস্ত্র-শস্ত্রসহ সমবেত হয়েছিল। আসামিদের বিরুদ্ধে মাধবদী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
একাত্তর/আরএ