ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান এ্যাপোর (৫০) সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাড়ে ১২টার তাকে সাপে কাটে। মধ্যরাতে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত বদিউজ্জামান এ্যাপো পোড়াহাটী ইউনিয়নের এস্তেফাপুর গ্রামের আমিরুল ইসলাম লতার ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, গেল রাত সাড়ে ১২টার দিকে ঘুম না আসার কারণে বাড়ির পাশে পুকুরের দিকে হাঁটতে যান শিক্ষক বদিউজ্জামান। এ সময় একটি বিষাক্ত খৈয়া গোখরা সাপে তাকে কামড়ে দেয়। বিষয়টি তিনি প্রথমে পরিবারের কাউকে বলেননি।
এক পর্যায়ে তিনি বিষের যন্ত্রণায় কাতর হয়ে পড়লে ‘পুকুর পাড় থেকে তাকে সাপে দংশন করেছে’ বলে জানান।
পরে দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কাগজের নৌকা ভাসিয়ে শিশুদের নদী দিবস পালন
এদিকে রোববার সকালে মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান এ্যাপোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
রোববার বাদ জোহর বদিউজ্জামান এ্যাপোকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
একাত্তর/আরএ