নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডাকাতদের পিটুনিতে এক দলিল লেখকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কাঁচপুর চেঙ্গাইন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত দলিল লেখক মোশাররফ ভূঁইয়া (৪৫) ওই এলাকার মৃত আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে।
নিহতের স্ত্রী শাহিনুর আক্তার ও মেয়ে মীম আক্তার জানান, রাতে ৪-৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল জোরপূর্বক তাদের বাড়িতে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে মোশাররফকে পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধের জেরে দুই ছেলের হাতে বাবা খুন
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনাটির তদন্ত চলছে। নিহতের স্ত্রী ও মেয়েসহ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। তবে এটি কোনো নিছক ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান ওসি।
একাত্তর/জো