মেহেরপুরে দাম্পত্য কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এদিকে ওই গৃহবধূর লাশ ঘরে রেখে পালিয়েছেন স্বামীর পরিবার। পুলিশের ধারনা, স্বামী তাকে হত্যার পর পরিবার সমতে পালিয়েছেন।
বুধবার (২৬ অক্টোবর) জেলার গাংনী উপজেলার হুদাপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সাবিনা খাতুন (৩০)। তিনি ওই এলাকার দিনমজুর বিদ্যুৎ হোসেনের স্ত্রী এবং গাংনীর কুমারীডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, মাস খানেক আগে ছাবিনার সঙ্গে দিনমজুর বিদ্যুতের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের কলহ চলছিল। সপ্তাহ খানেক আগে বিদ্যুৎ তার স্ত্রী সাবিনাকে বাবর বাড়ি রেখে আসে।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে সাবিনা ও তার ভাই স্বামীর বাড়িতে আসে। সন্ধ্যায় বিদ্যুৎ তাদের মারধর করে। রাতে ভাই নিজ বাড়িতে চলে গেলেও থেকে যায় সাবিন। ভোরে বিদ্যুৎ ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে সটকে পড়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে লোকজন ওই বাড়িতে গিয়ে সাবিনার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
স্থানীয় হেমায়েতপুর ক্যাম্প পুলিশের এসআই মাসুদ জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সাবিনার নিথর দেহ খাটের ওপর পড়ে আছে। রক্তাক্ত বিছানার পাশেই রয়েছে পাথরের একটি ভারী বস্তু। তাতেও রক্ত লেগে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় ওই পাথর দিয়ে সাবিনার মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিদ্যুতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
একাত্তর/এসি