সিলেটে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে কর্মবিরতি পালন করছে বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক পরিষদ। জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পরও এই কর্মসূচি পালন করছেন তারা। বন্ধ রয়েছে সিলেট জেলায় পণ্য পরিবহন।
সোমবার (৩১ অক্টোবর) সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার এই ধর্মঘট শুরু হয়।
এর আগে রোববার (৩০ অক্টোবর) বিকেলে পণ্য পরিবহন শ্রমিকদের ধর্মঘট আহবানের প্রেক্ষিতে সংগঠনটির নেতাদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। তিনি বৈঠকে ধর্মঘট থেকে সরে আসার জন্য অনুরোধও জানান।
তবে ওই বৈঠক শেষে ধর্মঘট থেকে সরে না আসার ঘোষণা দেন পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।
জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেন, পাথর তোলার দাবির প্রেক্ষিতে খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। তিন নভেম্বর এই কমিটির সদস্যরা সিলেটের কোয়ারিগুলো পরিদর্শনে আসবেন। তারা সরেজমিনে পরিদর্শন করে দেখবেন পাথর উত্তোলনের যৌক্তিকতা আছে কি না। তাদের প্রতিবেদনের ভিত্তিতে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন: বেশি টাকা না দেয়ায় ছিঁড়ে ফেলা হলো এনআইডি’র কপি
এদিকে সকাল থেকে ধর্মঘটের কারণে পণ্যবাহী পরিবহন না চলায় ক্ষতির আশঙ্কা করছেন কাঁচামাল ব্যবসায়ীরা।
একাত্তর/এসি