নরসিংদীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নরসিংদীর পলাশে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া টেঙ্গরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, অভিযুক্ত আবুল হাই (৩০) জিনারদী ইউনিয়নের পারুলিয়া টেঙ্গরপাড়া গ্রামের বাসিন্দা। 

এর আগে, রোববার (৩০ অক্টোবর) সকালে আবুল হাই ওই তরুণীকে তার নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। 

এই ঘটনায় বুধবার (২ নভেম্বর) সকালে ভুক্তভোগী তরুণীর মা বাদি হয়ে পলাশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে ওই তরুণীর মা নিজেদের পালিত গরু নিয়ে বাড়ির বাইরে যান। এসময় আবুল হাই তাকে খুন-জখমের ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যান।

আরও পড়ুন: প্রেমের দ্বন্দ্বে বন্ধুদের হাতে তরুণ খুন, গ্রেপ্তার দুই

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পাওয়া মাত্র অভিযুক্ত আবুল হাইকে গ্রেপ্তার করতে অভিযানে নামে পুলিশ। পরে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

তিনি আরও জানান, ভুক্তভোগী তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 


একাত্তর/এসজে