স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, বিএনপি দেশকে ধ্বংস করার চেষ্টা করছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, এবার তারা ক্ষমতা ছিনিয়ে নেবেন। বিএনপি কি ছিনতাইকারীদের দল হবে?
সোমবার (৭ নভেম্বর) সকালে কুমিল্লা লাকসাম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। কুমিল্লার লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, জিয়াউর রহমানই বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সাবেক মন্ত্রী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
লাকসাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইসহাক মিয়ার সভাপতিত্ব সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূঁইয়া, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তারারক উল্লাহ কায়েস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরাসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বাসা থেকে স্কুলশিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সম্মেলনে লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে এড ইউনুস ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হিসেবে মহাব্বত আলীকে ঘোষণা করা হয়।
একাত্তর/আরএ