সকালে নবজাতককে ফেলে দিয়ে সন্ধ্যায় নিতে এলেন মা

নরসিংদীর মনোহরদী উপজেলায় ঝোপের মধ্যে পলিথিন মুড়িয়ে ফেলে যাওয়া সেই নবজাতককে নিজের সন্তান বলে দাবি করেছেন এক নারী।

রোববার (১৩ নভেম্বর) সকালে মনোহরদী সরকারি কলেজের পশ্চিম পাশ থেকে ওই নবজাতকটি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় এক নারী নবজাতকটিকে তার সন্তান বলে দাবি করে হাসপাতালে আসেন।

ওই নারীর নাম জুয়েনা বেগম (৪০)। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাসিন্দা। তার স্বামী সৌদি প্রবাসী। জুয়েনার বাবারবাড়ি মনোহরদী উপজেলার অর্জুনচর গ্রামে। তিনি মনোহরদী সরকারি কলেজের পশ্চিম পাশে একটি বাড়িতে ভাড়া থাকেন।

জুয়েনা বেগম জানান, আট মাস আগে স্বামী সৌদি আরব যান। বিদেশ যাওয়ার পর স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। সে কারণে তিনি সংসারের খরচ পাঠানো বন্ধ করে দেন। সেই ক্ষোভ এবং অভাবের চিন্তা করে সন্তান প্রসবের পর ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে শনিবার রাতে স্বাভাবিকভাবে বাসায় সন্তান প্রসবের পর ভোরে কলেজের পাশে ফেলে দেন। 

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন বলেন, সকালে রাস্তায় এক নবজাতক পাওয়ার সংবাদ আসে। পরে পুলিশ পাঠিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলে জুয়েনা নামে এক নারী থানায় এসে ওই সন্তানটি তার বলে দাবি করেছেন। পরে তাকে হাসপাতালে সন্তানের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।   

আরও পড়ুন: পলিথিনে মোড়ানো একদিনের নবজাতক উদ্ধার

মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ বলেন,  শিশুটির শারীরিক অবস্থা বেশ ভালো। তারপরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় নবজাতকের মা এসেছেন। কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।


একাত্তর/এসি