নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে ছাত্রীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির ৪ দিন পর ফতুল্লা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব।
সোমবার রাতে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মো. হাসানুর রহমান সুজনকে (১৯)।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আদমজীনগর র্যাব-১১ মিডিয়া অফিসার সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আড়াইহাজার থানার পুরিন্দা এলাকার সাদ্দেকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীকে গত ১০ নভেম্বর অপহরণ করা হয়।
ভিকটিম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে স্কুলের সামনে গেলে অভিযুক্ত আসামি জোরপূর্বক তাকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।
পরে ভিকটিমকে জিম্মি করে মোবাইল ফোনে ভিকটিমের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। এ ঘটনায় ভিকটিমের বাবা কে এম আহাদ (৩৯) র্যাব-১১’ র কাছে অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে র্যাব ১১’র গোয়েন্দা টিম ছায়া তদন্ত শুরু করে। পরে নিশ্চিত হয়ে সোমবার রাতে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী সুজনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: কিশোরীকে ধর্ষণ চেষ্টা ও হত্যার ঘটনায় দম্পতির যাবজ্জীবন
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ভিকটিমের বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন।
একাত্তর/আরএ