কাঁটাতারের পাশে পুঁতে রাখা সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

যশোরের শার্শার কাশিপুর-শাহজাদপুর সীমান্তে কাঁটাতারের পাশে পুঁতে রাখা অবস্থায় ৯ কেজি ৩১০ গ্রাম ওজনের ৮০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় চৌগাছা থানার কাশিপুর-শাহজাদপুর সীমান্তে কাঁটাতারের ৩০০ গজ দুরে বাংলাদেশের অভ্যন্তরে একটি মরিচ ক্ষেত থেকে স্বর্ণের এই চালান উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে কাশিপুর-শাহজাদপুর সীমান্তের ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেইন পিলার ৩৮ ও সাব পিলার ৮৫-এর পাশে অভিযান চালানো হয়। বিকাল পাঁচটার পর সীমান্তের কাছাকাছি কোনো কৃষক না থাকার নির্দেশনা থাকলেও দুইজন সন্দেহভাজন কৃষককে সীমান্তের কাঁটাতারের কাছে ঘোরাঘুরি করতে দেখা যায়। বিজিবির উপস্থিতি দেখতে পেয়ে ওই দুই কৃষক ভারতের দিকে পালিয়ে যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ওই মরিচ ক্ষেতের মধ্যে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার বাজার মূল্য ৮ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা।

আরও পড়ুন: হাসপাতালের বারান্দা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু 

পালিয়ে যাওয়া ওই পাচারকারীদের ধরতে বিজিবি সদস্যরা টহল ব্যবস্থা জোরদার করেছে বলেও জানান ৪৯ বিজিবির অধিনায়ক। 


একাত্তর/জো