ভ্যানে করে ভারতে পাচারের সময় কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ইঞ্জিনচালিত ভ্যানের মধ্যে লুকিয়ে রাখা এক কেজি ৫০ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টায় যশোর-বেনাপোল হাইওয়ের আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকা থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় পলাতক আসামি কড়া হয়েছে শার্শা উপজেলার সাত মাইল এলাকার মৃত মোহর আলীর ছেলে ও ভ্যানচালক মিলন ওরফে ছোট বাবুকে।

যশোর ৪৯ বিজিবি বাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যশোর-বেনাপোল হাইওয়ে দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাবে। 

এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত ভ্যানকে গতিরোধ করতে বলা হলে দ্রুত ভ্যান ফেলে পালিয়ে যায় চালক মিলন ওরফে ছোট বাবু। 

আরও পড়ুন: 'পাগল' ডাকায় পাঁচ বছরের শিশুকে গলাকেটে হত্যা

এসময় ভ্যানটি তল্লাশি করলে ভ্যানটির বডির মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ৫০ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা।

এছাড়া পলাতক আসামি মিলন ওরফে ছোট বাবুকে আটক করতে অভিযান চালানো হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।


একাত্তর/এসজে