ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে হত্যার চার আসামি গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় কলেজ শিক্ষার্থী পাভেল (১৮) হত্যার চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (৪ ডিসেম্বর) বেলা ১২টায় কুমিল্লা জেলা পুলিশের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন ফেনী সদর থানার গজারিয়াকান্দি এলাকার ফারুক আহাম্মদের ছেলে আবু হুরাইয়া অনিক, চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সালমান হোসেন, একই এলাকার রবিউল হক ওরফে জানু মিয়ার ছেলে নাঈমুল হক রাকিব এবং উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিল এলাকার শামসুল হকের ছেলে নাজিমুল হক জয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, রাকিব আর পাভেল সহপাঠী। ঘটনার একমাস আগে পাভেল মহিপাল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাকিবকে মারধর করেন পাভেল। এর জের ধরে পাভেল নানার বাড়িতে কখন আসেন, তার  খোঁজে রাখেন রাকিব। পরে পাভেল নানার বাড়ি আসলে আসামি রাকিব তার সহযোগী অনিকসহ সুইস গিয়ার চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করেন পাভেলকে। 

আরও পড়ুন: তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

তিনি আরও জানান, পাভেলকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার সময় পাভেলকে বাঁচাতে আসলে আরও দুইজন আহত হন বলেও জানান তিনি।


একাত্তর/জো