বেনাপোল সীমান্তে দুই কেজি স্বর্ণসহ দুইজন আটক

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে এক কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। এসময় আরও দুই চোরাকারবারি পালিয়ে যায়। 

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বেনাপোল বন্দর থানাধীন পুটখালি সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণের চালান আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বেনাপোল বন্দর থানাধীন পুটখালি গ্রামের হাফিজুর রহমান (৩৪) ও একই এলাকার মেহেদী হাসান (২১)। 

পলাতক আসামিরা হলেন- পুটখালি গ্রামের আব্দুল মান্নান (৩২) ও একই এলাকার নাঈম উদ্দীন (২৮)।

মোটরসাইকেলের মধ্যে থেকে এক কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। আরো দুই আসামি কৌশলে পালিয়ে যায়। 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন পুটখালি সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। 

এর ভিত্তিতে পুটখালি এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক দুই মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করতে বলা হয়। এসময় তারা মোটরসাইকেল গতিরোধ না করে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগের মধ্যে থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

পরে একই জায়গায় কিছুসময় পর একই দলের সন্দেহভাজন আরও দুই মোটরসাইকেল আরোহীর গতিরোধ করা হয়। এসময় তাদের মোটরসাইকেল থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয় এবং তাদেরকে আটক করা হয়।

আরও পড়ুন: খাদে পড়া বালুবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে কিশোর নিহত

বিজিবির এই কর্মকর্তা আরও আরো জানান, উদ্ধারকৃত ১৭টি স্বর্ণের বার ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৫০ লাখ ৭৭ হাজার টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। 

এছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে এবং তাদেরকে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি। 


একাত্তর/এসজে