নরসিংদীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি ক্যাম্পের সামনে থেকে হামলা চালিয়ে বাহিনীটির দুই সদস্যের কাছ থেকে দুটি শটগান এবং ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বড়বাজার এলাকা বণিক সমিতি আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডি, পিবিআই ও নরসিংদী জেলা পুলিশ।
ক্যাম্প কর্তৃপক্ষ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নরসিংদী বড় বাজার এলাকায় একইসঙ্গে চারজন আনসার সদস্য ক্যাম্পের সামনে টহল দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ পেছন থেকে ১০ থেকে ১২ জনের একটি দল দেশিয় অস্ত্র নিয়ে তাদের আক্রমণ করে।
এসময় ভয় পেয়ে দুই আনসার সদস্য দৌড়ে চলে গেলেও বাকি দু’জনকে রশিতে বেঁধে তাদের কাছে থাকা দুটি শটগান এবং ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
নরসিংদী আনসার ক্যাম্পের সার্কেল এডজুটেন্ট আমির হামজা জানান, লুটের বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে।
আরও পড়ুন: রংপুরে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, ইভিএমে সমস্যা নেই: সিইসি
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, এ বিষয়ে তদন্ত চলছে। এখনো কোন মামলা হয়নি।
একাত্তর/আরএ