নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিয়ন্ত্রণহারা একটি ট্রাক্টর দোকানে ঢুকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের মুন্সি মার্কেটে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতরা হলেন- চরজুবলি ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের মৃত আলী আজমের ছেলে বাহার উদ্দিন মাঝি ও চর আমানউল্যাহ গ্রামের জামাল উদ্দিন।
আহতরা হলেন- চরকচ্ছপিয়া গ্রামের মো. দুলাল ও চরবাটা গ্রামের বাতান মিয়া। তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে গেলেও বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাক্টরটি আটক করে ভাংচুর চালায়।
চরজব্বর থানার পরিদর্শক জয়নাল আবেদীন জানান, সকালে দোকানের বাইরে কিছু লোক বসে ছিল। এসময় একটি ট্রাক্টর সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাটের দিকে যাচ্ছিল।
তিনি জানান, ট্রাক্টরটি উপজেলার বৈরাগী রাস্তার মাথার দক্ষিণ পাশে মুন্সি মার্কেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সোনাপুর টু চেয়ারম্যান সড়ক সংলগ্ন তৌহিদ স্টোরে ঢুকে পড়ে।
আরও পড়ুন: আনসারের লুট হওয়া শটগান গুলি উদ্ধার, ১০ ডাকাত গ্রেপ্তার
এসময় দোকানের সামনে বসে থাকা বাহার উদ্দিন মাঝি ট্রাক্টর চাপায় ঘটনাস্থলেই মারা যান। গুরুত্বর আহত জামাল উদ্দিনকে নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পর সেখানে তিনি মারা যান।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরের চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছেন। ট্রাক্টরটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।