পদ্মা নদীতে চাঁদাবাজির সময় আটক দুই

মাদারীপুরের শিবচরে পদ্মানদী থেকে চাঁদাবাজির দায়ে দুই ব্যক্তিকে আটক করেছে চরজানাজাত নৌপুলিশ। 

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে পদ্মানদীর মাদবরেরচর সংলগ্ন এলাকার পদ্মানদী থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার মাদবরচর এলাকার মিজান শরীফ (২৩) ও একই এলাকার সাগর হাওলাদার (১৮)। এদের মধ্যে মিজান শরীফের নামের বিভিন্ন থানায় চাঁদাবাজি, মাদক ও চুরি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। 

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত দায়িত্ব পালনের সময় নৌপুলিশ পদ্মানদীতে ট্রলার, বাল্কহেডসহ বিভিন্ন নৌযান থেকে চাঁদা তুলতে দেখে মিজান শরীফকে। এসময় অভিযান চালিয়ে নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল মিজান শরীফকে আটক করে। 

এসময় তার সাথে থাকা অপর এক যুবককেও আটক করা হয়। চক্রটি ট্রলারযোগে পদ্মানদীতে নানা পরিচয় দিয়ে বিভিন্ন নৌযান থেকে চাঁদা তুলতো বলে স্বীকার করেছে তারা।

আরও পড়ুন: হাতি দেখতে গিয়ে হাতির পায়ে পিষ্ঠ ব্যবসায়ী 

চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহানুর আলী বলেন, অনেকদিন ধরেই মিজান শরীফ নদীতে চাঁদাবাজি করে আসছিল। নৌপুলিশ এর আগেও তাকে ধরার চেষ্টা করেছে। কিন্তু ট্রলার নিয়ে আগেই সে সটকে পড়ে। 

এই কর্মকর্তা আরও জানান, স্পিডবোট নিয়ে ধাওয়া করে চাঁদাবাজির টাকাসহ মিজান শরীফকে আটক করা হয়েছে। তার নামে মাদারীপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ ও ঢাকায় একাধিক মামলা রয়েছে। 


একাত্তর/এসজে