বরিশালে নিজ ঘর থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

বরিশালে সাবেক এক ইউপি সদস্যর বাড়ি থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে আহত অবস্থায় এক নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে জেলার বাবগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামে সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

মৃত নারীরা হলেন- দেলোয়ার হোসেনে মা লালমোননেসা বেগম (৯৫) ও পুত্রবধূ রিপা বেগম (২৩)। উদ্ধার আহত নারীর নাম স্ত্রী মিনারা বেগম। তাকে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, এক ঘরে ওই তিন নারী ঘুমিয়ে ছিলেন। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের মরদেহ দেখতে পেয়ে সেগুলো উদ্ধার করে। এছাড়া অজ্ঞান অবস্থায় উদ্ধার একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে হন্যে হয়ে চাকরি খুঁজছেন হাজারো ভারতীয়

তিনি জানান, ঘরের এক কোণে সিঁধ কাটার গর্ত পাওয়া গেলেও চুরির কোনো ঘটনা ঘটেনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুর্বৃত্তের দেওয়া বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


একাত্তর/এসি