বেকারি কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি বেকারি কারখানা থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কয়খা গ্রামের বিসমিল্লাহ বেকারির কারখানার রান্না ঘর থেকে মরদেহটি উদ্ধার হয়। 

জানা গেছে, নিহত শ্রমিক বাচ্চু মোল্লা (৩৫) কয়খা গ্রামের জহর মোল্লার ছেলে ও তিন সন্তানের জনক। 

নিহত বাচ্চুর স্ত্রী সম্পা বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান বাচ্চু মোল্লা। 

তার অভিযোগ, মাঝবাড়ি গ্রামের এক নারীর সাথে পরকীয়া প্রেম ছিল বাচ্চুর। ওই নারীর স্বামী বাচ্চুকে হত্যা করেছে বলে তার ধারণা।

আরও পড়ুন: মাদক সেবনে বাধা দেয়ায় মুরগীর খামারে আগুন

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো