সোনাইমুড়ীতে আগ্নেয়াস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি পাইপগান, এক রাউন্ড বন্দুকের গুলি, একটি চাকু ও একটি মোবাইল জব্দ করা হয়।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে, শনিবার দিবাগত রাতে উপজেলার বজরা ইউনিয়নের কুমিল্লা-নোয়াখালীর মহাসড়কে রসুলপুর গ্রামের ভাবনা পুকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার বারইচতল গ্রামের কামরুল হাসান রনি (২২), নরোত্তমপুর গ্রামের মেহেরাজ হোসেন সাগর (২১) ও নাজিরপুর এলাকার নাজমুল ইসলাম মিজু (১৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের রসুলপুর গ্রামের ভাবনা পুকুর মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১০ থেকে ১২ জন অস্ত্রধারী জড়ো হয়ে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও সিএনজি জব্দ করা হয়।

আরও পড়ুন: রামপালে ৫৫ হাজার টন কয়লা, সমপরিমাণ আরও আসছে

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ