প্রবাসীর স্ত্রী হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরে প্রবাসীর স্ত্রী হত্যাকাণ্ডের দুই দিনের মধ্যে পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার ভেন্নাতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আরও এক আসামি পলাতক রয়েছেন। 

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন শিবচর উপজেলার ভেন্নাতলা গ্রামের নুরু কাজির ছেলে আতিয়ার কাজি ও একই গ্রামের তোতা মোল্লার ছেলে শহিদ মোল্লা। 

রোববার (৫ মার্চ) দুপুরে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম।

আসামিদের স্বীকারোক্তি মতে পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিরা নিহত গৃহবধূ আকলিমা আক্তারের পরিচিত। বিভিন্ন সময়ে তারা আকলিমার বাড়িতে আসা-যাওয়া করতেন। গত ২ মার্চ রাত ১১টার সময় তারা নিহত গৃহবধূর বাড়িতে যান এবং জোরপূর্বক তাকে তিনজন মিলে ধর্ষণ করেন। 

তিনি আরও জানান, বিষয়টি সকলকে জানিয়ে দিবে বলে আসামিদের জানালে তারা আকলিমার গলায় মুখে ও নাকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন। হত্যাকাণ্ড শেষে আসামিরা যার যার মত পালিয়ে যান। 

এ হত্যাকাণ্ডের আরও এক আসামি পলাতক আছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার।

আরও পড়ুন: কলাপাড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উল্লেখ্য, গত ৩ মার্চ শিবচরের বহেরাতলায় নিজ বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় শিবচর থানা পুলিশ।


একাত্তর/জো