ব্যবসায়ী হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন, সাতজনের কারাদণ্ড

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ব্যবসায়ী নবী হোসেন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন ও ৭ জনের ৫ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১৩ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজের ১ম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে আনিসুর রহমান, রেন্টু হোসেন, চান্দু হোসেন, আতিয়ার রহমান ও মানিক হোসেনকে যাবজ্জীবন ও নাসরিন খাতুন, আকরাম হোসেন. জামির আলী, আজিফা বেগম, এছেম আলী, ইউনুস মোল্লা ও পারুল বেগমকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রায়ের সময়ে রেন্টু হোসেন, মানিক হোসেন, আকরাম হোসেন, জামির আলী, ইউনুস ও পারুল বেগম ছাড়া বাকি আসামিরা পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা সবাই হরিণাকুন্ডু উপজেলার বাসিন্দা।

মামলার রায়ের বিবরণে জানা যায়, গত ২০১০ সালের ৭ই অক্টোবরে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সাতব্রিজে নিজ মুদি দোকান থেকে নবী হোসেন ঝিনাইদহের উদ্দেশ্য বের হয়। পথিমধ্যে আসামিরা তাকে অপহরণ করেন।

আরও পড়ুন: চার লাখ টাকার বিনিময়ে অটোরিকশা চালক খুন, গ্রেপ্তার আট

ঐ দিন রাতে তার বাড়িতে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ফোন দেয়। পরদিন আবারো তারা মুক্তিপণের অর্থের জন্য ফোন দেয়। মুদি ব্যবসায়ীর পরিবার তাদের দাবীকৃত টাকা দিতে না পারায় তারা নবী হোসেনকে যশোরের ঘোপ এলাকায় অপহরণের ঐ মাসের ৩০শে অক্টোবর হত্যা করে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই দাউদ আলী বাদি হয়ে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ও মোবাইল ডিভাইসের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আদালতে অভিযোগ পত্র দায়ের করেন। আদালত উভয় পক্ষের-যুক্তি তর্ক শেষে দুপুরে এ রায় প্রদান করেন।


একাত্তর/আরএ