মোংলায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মোংলায় সড়ক দুর্ঘটনায় বাগেরহাট পুলিশ লাইন্সের কনস্টেবল মো: জাকারিয়া নিহত হয়েছেন। এসময় আহত হন অপর কনস্টেবল মো: মুজাহিদ। 

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মোংলার দিগরাজ বাজার সংলগ্ন আপাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই ঠাকুরদাস মন্ডল জানান, মোংলা ইপিজেডে ডিউটি শেষে বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে বাগেরহাটে ফিরছিলেন কনস্টেবল জাকারিয়া ও মুজাহিদ। পথিমধ্যে মোংলা-খুলনা মহাসড়কের মোংলার দিগরাজ বাজার সংলগ্ন আপাবাড়ী এলাকায় পেট্রোম্যাক্স এলপিজির সামনে দুপুর দেড়টার দিকে একটি কুকুর তাদের মোটরসাইকেলের নিচে পড়ে। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান।

তিনি আরও জানান, ওই সময় জাকারিয়া ছিটকে মহাসড়কে চলন্ত একটি ট্রাকের চাকায় আঘাতপ্রাপ্ত হন। ট্রাকের চাকার সাথে মাথায় ধাক্কার আঘাতে রক্তক্ষরণ হতে থাকলে খবর পেয়ে মোংলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে এম্বুলেন্সে করে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ৩টায় খুলনা মেডিকেলে নেয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে তার মরদেহ খুলনা মেডিকেলে রয়েছে। নিহত জাকারিয়ার বাড়ি খুলনার তেরখাদায়। 

আরও পড়ুন: পদ্মায় দেড় টনের বেশি জাটকাসহ সাত জেলে আটক

এদিকে আহত অপর কনস্টেবল মোংলা বন্দর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা দুই জনই বাগেরহাট পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

পুলিশ কর্মকর্তা ঠাকুরদাস মন্ডল আরও জানান, ১/২ মাসের সিডিউল অনুযায়ী ইপিজেডে নিয়মিত ডিউটি করেন বাগেরহাট জেলা পুলিশ লাইন্সের কনস্টেবলেরা। এরই ধারাবাহিকতায় নতুন টিম ডিউটিতে আসলে বৃহস্পতিবার দুপুরে জাকারিয়া ও মুজাহিদ তাদেরকে ডিউটির দায়িত্ব বুঝিয়ে দিয়ে এবং নিজেদের ডিউটি শেষ করে বাগেরহাট পুলিশ লাইনের ফেরার পথে মোটরসাইকেলে দুর্ঘটনার শিকার হন তারা। তবে যে ট্রাকের চাকায় আঘাতপ্রাপ্ত হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে সেই ট্রাকটি শনাক্ত ও আটক করা সম্ভব হয়নি। তবে ওই ট্রাক পুলিশ কনস্টেবলকে চাপা দেয়নি, বরং ছিটকে গিয়ে ট্রাকের চাকার সাথে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন নিহত কনস্টেবল জাকারিয়া।    


একাত্তর/আরবিএস