চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ককটেল ফাটিয়ে ও কুপিয়ে হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ভারতে পালানোর সময় সীমান্তবর্তী সদর উপজেলার বকচর থেকে তাদের আটক করে টহলরত বিজিবি সদস্যরা।
আটককৃতরা হলেন বাগডাঙার একরামুল হকের ছেলে মো. বাবু ও একই এলাকার বাদল আলী।
এসব তথ্য নিশ্চিত করে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, আটকের পরে ঐ দুই আসামিকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী আরও জানান, রোববার রাতে কুপিয়ে হত্যা করা হয় সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর বাবলাবোনা গ্রামের মনিরুল ইসলামকে (৪৫)। মৃত্যুর আগে মনিরুল আটক এ দুইজনের নাম তার স্বজনদের বলতে পারলেও বাকিদের তিনি চিনতে পারেননি। এ ঘটনায় ওইদিন রাতেই দুজনের নামসহ উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী উজলেফা বেগম।
তিনি আরও জানান, আসামি বাবু ও বাদল আত্মগোপনে থেকে পার্শ্ববর্তী ভারতে পালানোর জন্য সীমান্তে অবস্থান করছিল। বিষয়টি জানতে পেরে বিজিবির সহযোগিতা নেওয়া হয়। বিজিবি সদস্যরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আরও পড়ুন: ডুবো গাছে ধাক্কা লেগে সরকারি চালবোঝাই ট্রলারডুবি
গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
একাত্তর/জো