মেহেরপুরে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কা লেগে ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) বিকেল পৌনে পাঁচটার দিকে জেলার গাংনী উপজেলার বাওট গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সাদিয়া আক্তার ইতি (১০)। সেই বাওট গ্রামের ফরাজীপাড়ার জিয়ারুল ইসলামের মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, বাওট থেকে মোহাম্মদপুর সড়কের পাশেই জিয়ারুল ইসলামের বাড়ি। বিকেলে আইসক্রিম খেতে শিশুটি রাস্তা পার হচ্ছিলো। এ সময় মটমুড়া থেকে বাওট বাজারের দিকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে রাস্তার ওপরে ছিটকে পড়ে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহীরাও আহত হন। তবে তারা বাইকটি ফেলে দ্রুত সটকে পড়েন।
আরও পড়ুন: বাইকের অতিরিক্ত গতি কাড়লো স্কুলছাত্রের প্রাণ
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সীমা বিশ্বাস জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি মারা গেছে। পরিবারের লোকজন মরদেহ নিয়ে বাড়ি গেছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
একাত্তর/এসি