ভোলায় ইলিশা-১ নামের আরেকটি নতুন কূপ থেকে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কূপটি ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মালেরহাট গ্রামে অবস্থিত। নতুন কূপটি ভোলা জেলার নবম ও ভোলা সদর উপজেলার তৃতীয়।
শুক্রবার (২৮ এপ্রিল) সকালে ডিএসটি টেস্টিংয়ের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত হয় বাপেক্স। পরে সকাল সাতটা থেকে শুরু হয় গ্যাস উত্তোলন।
বাপেক্স জানায়, তিন হাজার ৪৭৫ মিটার গভীরতায় খনন শেষে পরীক্ষামূলকভাবে আগুন জ্বালানো হয়েছে। ধারনা করা হচ্ছে, প্রতিদিন এ কূপ ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে।
বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগের জেনারেল ম্যানেজার মো. আলমগীর হোসেন জানান, বাপেক্সের তত্ত্বাবধায়নে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রোম এ উত্তোলন কাজ করছে। এখানে ১৮০ থেকে ২০০ বিসিএফ ঘনফুট গ্যাসের মজুদের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি, অস্ত্রসহ আটক চার
তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ মে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু করা হবে। ভোলার শাহবাজপুর ও ভোলা নর্থ নামের আলাদা দুটি গ্যাসক্ষেত্রে ৯টি কূপ খনন করা হয়। এসব কূপে মোট গ্যাস মজুদের পরিমাণ এক দশমিক সাত টিসিএফ ঘনফুট।
১৯৯৪-৯৫ সালে ভোলার শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান মেলে। এরপর একের পর এক মিলতে থাকে গ্যাসের সন্ধান, এতে নতুন সম্ভাবনা দেখছে ভোলাবাসী।
একাত্তর/এসি