সিরিয়াল দেখতে বাধা, অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

মায়ের সাথে অভিমানে ইতি আক্তার নামের এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি তিনি কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার দরিচর-লক্ষিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইতি আক্তার এলাকার সরোয়ার বেপারীর মেয়ে। তিনি এবছর দড়িচর মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা শেষে রাতে টিভিতে বিভিন্ন সিরিয়াল দেখছিলেন ইতি। পরীক্ষার মধ্যেও এভাবে সিরিয়াল দেখতে বারণ করায় তিনি মায়ের ওপর অভিমান করেন।

বৃহস্পতিবার সকালে ইতি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবার। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বাবা সরোয়ার বেপারী বলেন, পরীক্ষার মধ্যে মেয়ের টিভি দেখা নিয়ে তার মায়ের সাথে ঝগড়া হয়েছে। পরে অভিমানে সে ঘরে থাকা কীটনাশক পান করে। বিষয়টি বুঝতে পেরে আমরা হাসপাতালে নিয়ে আসি।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন মৃত্যু

কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন বলেন, বিষের অস্তিত্ব পাওয়া গিয়েছে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


একাত্তর/আরএ