মেহেরপুর জেলায় আগামী ১৫ মে থেকে আম সংগ্রহ শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সোমবার (৮ মে) বেলা বারোটার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে মনিটরিং সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম।
এদিন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার মজুমদারের সভাপতিত্বে জেলায় চলতি মৌসুমে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাতকরণ মনিটরিং সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। জেলার আম বাগান মালিক ব্যবসায়ী ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে বিভিন্ন প্রকারের আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী ১৫ মে গুটি ও বোম্বাই আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া হিমসাগর ২৫ মে, ল্যাংড়া ২৮ মে, ৫ জুন আম্রপালি এবং ২০ জুন ফজলি জাতের আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: জেদ্দা হয়ে ঢাকায় ফিরলেন ১৩৬ সুদান প্রবাসী
বর্তমান আবহাওয়ার প্রেক্ষিতে আম সংগ্রহের তারিখ আরও এগিয়ে নেওয়ার দাবি রাখেন ব্যবসায়ীরা। বিষয়টি বিবেচনায় কৃষি কর্মকর্তা, বাগান মালিক ও ব্যবসায়ীদের সমন্বয়ে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির পরামর্শ মোতাবেক পরবর্তীতে আম সংগ্রহের তারিখ পরিবর্তিত হতে পারে বলে জানান জেলা প্রশাসক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকা অনুযায়ী ১৫ মে থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে আম সংগ্রহ। সভায় বিষাক্ত কেমিক্যাল মেশানো, অপরিপক্ক আম বাজারজাতকরণসহ যেকোনো প্রকার অসাধু উপায় অবলম্বনকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এর কথা জানানো হয়।
একাত্তর/আরবিএস