ঘোড়াশালে চোর সন্দেহে দুই কিশোরকে মারধর, নিহত এক

নরসিংদীর ঘোড়াশালে চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

রোববার ভোর তিনটার দিকে ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত রাজন (১৫) উত্তর চরপাড়া গ্রামের ফাইজউদ্দিন মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছে ইয়াছিন নামে আরেক কিশোর।

পুলিশ জানায়, রোববার ভোর আনুমানিক তিনটার দিকে ওই দুই কিশোরকে সোবহান মিয়ার বাড়ির পাশে ঘোরাঘুরি করতে দেখে বাড়ির লোকজন তাদের আটক করে। 

পরে চোর সন্দেহে তারা ওই দুইজনকে বেধড়ক পিটিয়ে আহত করে। মারধরের এক পর্যায়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হলে তারা মরদেহটি বাড়ির পাশের একটি পরিত্যক্ত কারখানার ঝোপে ফেলে রাখে। 

খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। অন্যদিকে আহত ইয়াছিনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন: নড়াইলে কৃষক হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. ইলিয়াছ জানান, নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। 

এ ব্যাপারে নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


একাত্তর/এসজে