মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন এক র্যাব সদস্য এবং গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছেন এক মাদক কারবারি।
মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
মাদক কারবারিদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন উত্তম কুমার নামের এক র্যাব সদস্য। একইসাথে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে অভিযুক্ত মাদক কারবারি সাইদ ওরফে সুইট হোসেনকে (২৪)।
র্যাব ও স্থানীয়রা জানায়, বিকেলে র্যাব ১২ মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি দল সীমান্তবর্তী হাড়াভাঙ্গা গ্রামে মাদক বিরোধী অভিযানে যায়। এসময় মাদক কারবারিরা ধারালো অস্ত্র নিয়ে র্যাব সদস্যদের উপর হামলা করে। এতে উত্তম কুমার নামে এক র্যাব সদস্য জখম হন। আত্মরক্ষায় র্যাব সদস্যরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে র্যাবের হাতে আটক হয় মাদক কারবারি সাইদ ওরফে সুইট। ঘটনাস্থল থেকে কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব।
আরও পড়ুন: মাদ্রাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, শিক্ষক-শিক্ষার্থী উধাও!
এ বিষয়ে র্যাব-১২’র গাংনী ক্যাম্প কমান্ডার গোলাম ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় র্যাব সদস্যকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ মাদক কারবারিকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় র্যাব সদস্যরা। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিক্যালে রেফার করেন স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার আবির হোসেন।
একাত্তর/জো