নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বৈঠকে তর্কের পর যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ দুই পক্ষের অন্তত আট জন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার বরপা বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে ছাত্রলীগ কর্মী রিফাতের মোটরসাইকেল ধাক্কা লাগে। বিষয়টি জানতে পেরে তারাবো পৌর যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বায়োজিদ সাউদ উভয় পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসেন।
তারা জানান, মীমাংসা চলাকালে বায়েজিদের সঙ্গে রিফাতের তর্ক হয়। এর জেরে রিফাতের লোকজন সশস্ত্র অবস্থায় এসে বরপা এলাকায় অবস্থান নেয়। এসময় বায়েজিদ তার লোকজনসহ স্থানীয় প্রিন্স হোটেলের আশ্রয় নেন। সেখানে ছাত্রলীগের রিফাত, সোহানসহ অন্তত ৩০/৪০ জন হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় হামলাকারীদের ছোড়া গুলিতে হোটেলের বাবুর্চি বিল্লাল হোসেন গুলিবিদ্ধ হন। এছাড়া হোটেলের আরও তিন জন কর্মচারীসহ উভয়পক্ষের সাত জন আহত হয়।
আরও পড়ুন: আবুধাবিতে সোফা কারখানায় আগুন, তিন বাংলাদেশি নিহত
গুলিবিদ্ধ বাবুর্চি বিল্লালকে প্রথমে স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করার হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এব্যাপারে রূপগঞ্জ থানার এসআই ফয়সাল আহমেদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
একাত্তর/এসি