গুলিবিদ্ধ হওয়ার তিন মাস পর শিবপুরের চেয়ারম্যানের মৃত্যু

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ খান সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হওয়ার তিন মাস পর মৃত্যুবরণ করেছেন।

বুধবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি নিজ বাড়ীতে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলে তিনি বাড়ি ফেরেন। 

তবে গত ১৯ মে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৩ দিন আইসিইউতে থেকে বুধবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। 

এদিকে, হারুনুর রশিদ খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। তার সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে টায়ার জ্বালিয়ে ঢাকা-নরসিংদী-মনোহরদী-কিশোরগঞ্জ সড়ক বন্ধ করে রাখেন। 

আরও পড়ুন: নরসিংদীতে স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যার অভিযোগ

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষোভের পর শিবপুর বাজারে সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থাপনা ভাংচুর করে এবং একটি ট্রাকে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। 

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 


একাত্তর/এসজে