নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সুন্দর আলী দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন।
দিনভর ভোটের পর গণনা শেষে সোমবার রাত ৮টায় মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকের সুন্দর আলী পেয়েছেন ৯ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের হাবিবুর রহমান পেয়েছেন ৪ হাজার ৮৯০ ভোট।
২৬ হাজার ৫২৫ জন ভোটার সংখ্যার আড়াইহাজার পৌরসভায় এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: দুই সিটিতেই বিপুল ভোটে আওয়ামী লীগের জয়
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, ভোট গ্রহণ শুরুর পর থেকে বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা।
তবে ভোট চলাকালে বিকেলে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলে পুলিশ, র্যাব,বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
একাত্তর/আরবি