নোয়াখালীর কবিরহাটে ২৯ হাজার টাকার জাল নোটসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার সাহাজিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তরুণ মো. শিহাব (২৯) মাদারীপুর জেলার শিবচর থানার উৎরাইল গ্রামের বাবুল ওরফে হাসেমের ছেলে।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে কবিরহাট পৌরসভার সাহাজিরহাট বাজারে টিপু স্টোরের মালিক সলিম উল্যাহকে এক ব্যক্তি জাল নোট দিয়েছে বলে খবর পায় পুলিশ। সে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ আসামি শিহাবের দেহ তল্লাশি করে পরনের প্যান্টের পিছনে থাকা মানিব্যাগের ভিতর থেকে ২০টি এক হাজার টাকার জাল নোট ও দোকানদার সলিম উল্যাকে দেওয়া ৯টি এক হাজার টাকার জাল নোটসহ মোট ঊনত্রিশ হাজার জাল টাকাসহ তাকে গ্রেপ্তার করে। অভিযানের সময় অজ্ঞাতনামা ২-৩ জন কৌশলে পালিয়ে যায় বলেও জানায় পুলিশ।
আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে চার কৃষক নিহত
ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন থানা এলাকার হাট-বাজারে জাল টাকা ছড়িয়ে দেয়া হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মাদক মামলাসহ দুইটি মামলা রয়েছে। জাল টাকা উদ্ধারের ঘটনায় কবিরহাট থানায় আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে রোববার দুপুরে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
একাত্তর/জো