ভোট দিলেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী খায়রুজ্জামান লিটন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিলেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। সকাল ৯টায় রাজশাহী স্যাটেলাইট টাউন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। 

বুধবার সকাল ৮টায় রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবার সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হচ্ছে। সিসি ক্যামেরায় ঢাকায় বসে নির্বাচন পর্যবেক্ষণ করছেন সিইসিসহ কমিশনের সদস্যরা। 

ভোট দেয়া শেষে এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, কিছু কেন্দ্রে ইভিএম মেশিনে সমস্যা হচ্ছে, সেটি সংশ্লিষ্ট কর্মকর্তারা সমাধান করবেন। 

ভোটের পরিবেশ সুন্দর এবং ভোটার উপস্থিতি ৬০ শতাংশের মতো হতে পারে জানিয়ে তিনি বলেন, বিএনপির এই নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে।

এর আগে তিনি তার স্ত্রী শাহীন আকতার রেণী, দুই কন্যা আনিকা ফারিহা জামান অর্ণা ও মাইশা জামান শ্রেয়াকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে আসেন।

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে এবার মেয়র পদে প্রার্থী চার জন। তারা হলেন- আওয়ামী লীগ প্রার্থী সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), ইসলামী আন্দোলনের প্রার্থী মুরশিদ আলম (হাতপাখা) ও জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার (গোলাপ ফুল)। বরিশাল সিটি নির্বাচনের পর ইসলামী আন্দোলন প্রার্থী নির্বাচন বয়কট করেছেন।  

আরও পড়ুন: রাজশাহী-সিলেট সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

২৯টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১১ জন। একটি ওয়ার্ডে একজন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে রয়েছেন ৪৬ জন প্রার্থী। একজন হিজড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী। এখানে ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছেন ছয়জন। 

ভোটকেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ১ হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট ক্যামেরা। ভোট গ্রহণের দায়িত্বে আছেন ৩ হাজার ৬১৪ জন কর্মকর্তা।


একাত্তর/আরবিএস