বৃষ্টিতে খানিকটা ভোগান্তি হলেও ঈদের আগে স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ। তবে বিনা বাধায় পরিবহনগুলোর বেশি ভাড়া নেয়ার অভিযোগ ছিল বরাবরের মতই। গাজীপুরের ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও, যানজট দীর্ঘ হয়নি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোরের দিকে কিছুটা যানজট দেখা দিলেও সময় বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
গাজীপুরের ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও, দীর্ঘ যানজটের ভোগান্তি নেই। চন্দ্রা ত্রি মোড়েও নেই যানজট।
তবে যাত্রীদের অভিযোগ ছিল- গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে যানবাহনের যেমন সংকট ছিল একইভাবে বেশি নেওয়া হচ্ছে ভাড়াও।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মাহবুব আলম বলেন, কিছু বাড়তি ভাড়া চাওয়ার অভিযোগ উঠেছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
এদিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত ২o কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয় বুধবার মধ্যরাত থেকেই।
পুলিশ জানায় বেলা বাড়ার সাথে স্বাভাবিক হয় যান চলাচল।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, কিছুটা চাপ থাকলেও স্বাভাবিকভাবেই যান চলাচল করছে।
যশোরে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মহাসড়ক নির্বিঘ্ন রাখতে সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, ট্রাফিক ব্যবস্থা নিয়ে আমরা কাজ করছি।
সিরাজগঞ্জের মূলিবাড়ি ফ্লাইওভারের একলেন ও নলকাব্রিজের দুই লেন খুলে দেয়ায় সিরাজগঞ্জের ঢাকা- উত্তরবঙ্গ মহাসড়কে যানজট হয়নি। বেশি ভাড়া আদায়ের অভিযোগ ছিল।
কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোথাও যানজট দেখা যায়নি। সড়ক দুর্ঘটনারোধ আর যানবাহনের গতি নিয়ন্ত্রণে কাজ করছে হাইওয়ে পুলিশ।
৬৪টি পেট্রোল টিমের পাশাপাশি কাজ করছে ৩০টি কুইক রেসপন্স টিম।
হাইওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, আমরা যাত্রীদের উদ্দেশ্যে বলেছি, আপনারা নিরাপদ গাড়ির যাত্রী হবেন। কোন ফিটনেসবিহীন গাড়িতে চরবেন না।
আরও পড়ুন: স্বপ্ন ও বাস্তবতার অভূতপূর্ব মেলবন্ধন পদ্মা সেতু
বুধবার ভোর থেকেই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ ছিল। ঘাট এলাকায় ছাউনি না থাকায় বৃষ্টির কারণে যাত্রী দুর্ভোগে বাড়ে।
একাত্তর/আরএ