কিশোরগঞ্জে বন্ধুর বিয়েতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বরের অবস্থাও আশঙ্কাজনক।
মঙ্গলবার বিকেলে করিমগঞ্জ উপজেলার কাদিমমাইহাটি এলাকার বড় হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শরফুদ্দিন রাফু (২৫) ও লিমন ইসলাম (২৪)। নিহত শরফুদ্দিন রাফু ঢাকা কলেজের ছাত্র ও লিমন ইসলাম মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সদ্য পাশ করা শিক্ষার্থী। নিহতরা রাজধানী ঢাকার নাকালপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের কাদিমমাইজহাটি গ্রামের সায়েম উদ্দিনের ছেলে কলেজ শিক্ষার্থী তৌকিরের বিয়েতে ঢাকা থেকে পাঁচ বন্ধু দুইদিন আগে বেড়াতে আসে। সকালে স্থানীয় স্কুলের খেলার মাঠে তারা ফুটবল খেলেন। এরপর বড় হাওরের পানিতে গোসল করতে যান সবাই। এক পর্যায়ে হাওরের তলদেশে সাবমার্জেবল সড়ক দিয়ে শরফুদ্দিন রাফু ও লিমন ইসলাম হাঁটতে হাঁটতে সড়কের গর্তে পড়ে তলিয়ে যায়। অন্য বন্ধুরা সাঁতার না জানায় তারা উদ্ধারে এগিয়ে আসতে পারেনি। খবর পেয়ে বর তৌকির দ্রুত দুই বন্ধুকে পানির নিচ থেকে তুলে আনার চেষ্টা করলে তিনিও তলিয়ে যান।
পরে এলাকাবাসী তিনজনকে উদ্ধার করে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এসময় চিকিৎসক শরফুদ্দিন রাফু ও লিমন ইসলামকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তৌকিরকে সদর হাসপাতালে ও পরে ঢাকায় রেফার করা হয়েছে।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ, হামলায় কৃষক নিহত
কিশোরগঞ্জ মডেল থানার এসআই আব্দুল আজিজ জানান, নিহত দুই শিক্ষার্থীর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/আরএ