খাগড়াছড়ির দীঘিনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৫ জুন) দিবাগত মধ্যরাতে তাকে উপজেলার নোয়াপাড়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে খুন করা হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিয়ার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
নিহতের শ্বশুর বিজয় চাকমা জানান, রাতের খাবার শেষে ঘুমিয়ে ছিলেন অমর জীবন চাকমা (৪০)। কয়েকজন লোক তাকে ঘুম থেকে ডেকে তুলে পাশের গ্রাম দীঘিনালার বড়াদম পূর্ব খামারপাড়ায় নিয়ে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ শনিবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করেছে।
অমর জীবন চাকমা জেলার হাজাছড়া জোড়া ব্রিজ এলাকার সুরেশ চন্দ্র চাকমার ছেলে। তিনি দীঘিনালা উপজেলার নোয়াপাড়া গ্রামে শ্বশুরবাড়িতেই থাকতেন।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাকে পিকআপের ধাক্কায় দুইজন নিহত
জানা গেছে, অমর জীবন চাকমা ইউপিডিএফ (প্রসিত খীসা) দলের সক্রিয় সদস্য ছিলেন। তবে, গেলো দুই বছর ধরে তিনি দলে নিষ্ক্রিয় ছিলেন। শাকসবজি বেচা-কেনা করে পরিবার চালাতেন তিনি।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিয়ার আহমেদ জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/আরএ