মনপুরায় লাঠিয়ালদের হামলায় সাত পুলিশসহ আহত ২০

ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলার দুর্গম কাজীরচরে লাঠিয়াল বাহিনী বন্দোবস্তীর জমির কৃষকদের ওপর হামলা চালালে সংঘর্ষের ঘটনায় সাতজন পুলিশ সদস্য ও ১৩ জন কৃষক গুরুতর আহত হয়েছেন।

বুধবার দুপুরে মনপুরা উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের উত্তরে বিচ্ছিন্ন কাজীরচরে এ হামলার ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা শটগানের গুলি ছোড়ে।

গুরুতর আহত পুলিশের এসআই সাগরকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদরে ও কৃষক বাহারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। অপর আহত পুলিশ সদস্য ও কৃষকদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

আহত কৃষকরা অভিযোগ করেন, স্বপন ডাকাতের নেতৃত্বে মনপুরা বিচ্ছিন্ন চরকলাতলী ও নোয়াখালীর হাতিয়ার লাঠিয়াল বাহিনী হামলা চালিয়েছে।

আহত কৃষকরা জানান, বিচ্ছিন্ন কাজীর চরে চাষাবাদ করতে গেলে একর প্রতি ৬ হাজার টাকা চাঁদা দাবী করে স্বপন ডাকাত। নইলে চরে চাষাবাদ করতে দিবে না বলে হুমকি দেয় ডাকাতরা। তখন কাজীরচরে কৃষকদের পক্ষে মাইনুদ্দিন লিখিত ভাবে ভোলা জেলা পুলিশ সুপারকে অভিযোগ করেন। পরে পুলিশ সুপারের নির্দেশে বুধবার সকালে মনপুরা থানার পুলিশসহ কৃষকরা কাজীরচরে গেলে স্বপন ডাকাতের নেতৃত্বে চরকলাতলী ও হাতিয়ার লাঠিয়াল বাহিনী কৃষক ও পুলিশের ওপর হামলা চালায়। এতে ২০ জন আহত হয়।

এ ব্যাপারে মনপুরা উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর জানান, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিনের প্রত্যক্ষ মদদে স্বপন ডাকাতের নেতৃত্বে লাঠিয়াল বাহিনী বন্দোবস্তীর জমির কৃষকসহ পুলিশের ওপর হামলা চালায়। ওই চেয়ারম্যানের নেতৃত্বে স্বপন ডাকাত কাজীরচরে ত্রাসের রাজত্ব কায়েম করছে।

এদিকে অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার জানান, এই ঘটনার সাথে তিনি জড়িত নন। তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য প্রতিপক্ষ তার নামে মিথ্যা রটাচ্ছে। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, স্বপন ডাকাত সরকারি আবাসনে থাকে। বর্তমান চেয়ারম্যান স্বপন ডাকাতকে আবাসনে ঘর দিয়েছে। স্বপন ডাকাত বর্তমান আলমগীর চেয়ারম্যানের লোক।

আরও পড়ুন: ট্রাকের বনেটে লুকানো ২১ হাজার ইয়াবাসহ চারজন আটক

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশে পুলিশ কৃষকদের নিয়ে ঘটনার তদন্ত করতে কাজীরচরে যায়। পরে কাজীরচরে দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে। এসময় পুলিশসহ কৃষকদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো