বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে আড়াই ঘণ্টারও বেশি সময় সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে বেলা ১২টার দিকে তারা সড়ক ছেড়ে কারখানার গেটে অবস্থান নেয়।

শনিবার রূপগঞ্জে অন্তিম নিটিং ডাইং এন্ড ফিনিশিং নামক কারখানার বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। সকাল ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় তারা অবস্থান নেয়।

সংবাদ পেয়ে শিল্প পুলিশ, রূপগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

শ্রমিকরা জানান, বরপা এলাকায় অবস্থিত অন্তিম নিটিং ডাইং এন্ড ফিনিশিং নামক কারখানায় প্রায় চার হাজার শ্রমিক কর্মরত আছেন। এদিকে ঈদের আগের শ্রমিকদের এক মাসের অর্ধেক বেতন দিয়ে কারখানা ছুটি ঘোষণা করে মালিক পক্ষ। কিন্তু ঈদের পর অনেক দিন পার হলেও কারখানা চালু হচ্ছে না। একইসাথে পরিশোধ করা হয়নি বকেয়া বেতনও।

এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ৯টার দিকে শ্রমিক ও স্টাফরা একত্রিত হয়ে বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে, সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন: জয়পুরহাটে ১৬ বছর পালিয়ে থাকা ফাঁসির আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার জি জি বিশ্বাস বলেন, শ্রমিকদের শান্ত করে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের চেষ্টা চলছে।


একাত্তর/আরএ