ভোলা সদর উপজেলায় মালবাহী কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদরাসা বাজার এলাকার বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সবুজ (২৬) চরফ্যাশন উপজেলার আঞ্জুরহাট এলাকার আব্দুল হকের ছেলে ও এসিআই কোম্পানির ভোলার বিপণনকর্মী।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে সবুজ কোম্পানির কাজে মোটরসাইকেলে করে মাদরাসা বাজার এলাকায় যান।
এসময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ছিটকে সড়কে পড়ে যান। পরে একটি মালবাহী কাভার্ডভ্যান তাকে চাপা দিলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
তিনি আরও বলেন, কাভার্ডভ্যানটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
একাত্তর/এসজে