সিআইডির জালে জিনের বাদশা চক্রের তিন সদস্য

যশোরে সিআইডির জালে ধরা পড়েছেন জিনের বাদশা চক্রের তিন সদস্য। বুধবার বিকেলে ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে সিআইডি যশোরের পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার তিনজন হলেন- চক্রের মূল ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফুলগাছিয়া গ্রামের ফখরুল ইসলাম (৩৫), তার স্ত্রী সুমি (৩০) এবং সহযোগী রংপুরের মিঠাপুকুর উপজেলার ভূতবানা গ্রামের আলিফ মিয়া (২০)।

মহিউদ্দিন জানান, যশোর শহরের কাঠ ব্যবসায়ী আবুল হোসেন পাবনার কিছু ব্যবসায়ীর সাথে ব্যবসা করতেন। কিন্তু সেখানে তার কিছু টাকা বাকি পড়ে যাওয়ায় তিনি টাকা তুলতে প্রতারকদের মাধ্যমে জিনের সহায়তা নেওয়ার জন্য যোগাযোগ করেন। এসময় প্রতারকরা তাকে আরও ১৩ কোটি ৭২ লাখ টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়।

বাধ্য হয়ে ভুক্তভোগী আইনের আশ্রয় নেন। সর্বশেষ সিআইডি পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে জিনের বাদশা প্রতারক চক্রের হোতা ফখরুল ইসলাম, তার স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: নুরকে দেখতে হাসপাতালে ফখরুল

পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তিরা স্বর্ণের কলসিতে ১৩ কোটি টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়েছিল। মামলা পাওয়ার পর তা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়।


একাত্তর/আরএ