চট্টগ্রামে পুলিশের সাথে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নগরীর ওয়াসার মোড়ে জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে রাজাকার দেলাওয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজার জন্য একত্রিত হওয়ার চেষ্টা করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় পুলিশ বাধা দিতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, অনুমতি না থাকার পরেও জমিয়াতুল ফালাহ মাঠে জামায়াত কর্মীরা অবৈধ সমাবেশ ঘটানোর চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে তারা পুলিশের উপর চড়াও হয়ে ইট-পাটকেল ছোঁড়েন।
তিনি আরও জানান, পরে পুলিশ লাঠিচার্জ করে জামায়াত-শিবির কর্মীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশের কয়েকজন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ৩০ জন নেতাকর্মীকে আটক করা হয়।
সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) মারা যান মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াতের সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী।
আরও পড়ুন: জামায়াতের তাণ্ডব, সাঈদীর গায়েবানা জানাজার অনুমতি মেলেনি
মঙ্গলবার সকালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার গায়েবানা জানাজা পড়ার চেষ্টা করলে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এদিন বিকেলে পিরোজপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে নিজের গড়া সাঈদী ফাউন্ডেশনে জানাজা শেষে সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হয়।
একাত্তর/এসজে