নারায়ণগঞ্জে ইলেক্ট্রিক মিস্ত্রীকে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইলেক্ট্রিক মিস্ত্রী নূর ইসলামকে মাথায় আঘাত এবং শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত নূর ইসলাম কাশিপুর ইউনিয়নের মধ্য নরসিংপুর এলাকায় স্ত্রীর জায়গায় বাড়ি করে স্ত্রী সহ দুই ছেলে ও এক মেয়ে নিয়ে বাস করতেন।

রোববার সকালে বাড়ি থেকে তার থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা বেগম, স্ত্রী'র দুই ভাই মোজাফফর ও শাহজালালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, প্রায় সময়ই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়ে ঝগড়া হতো। সকালে পরিবারের পক্ষ থেকে জানানো হয় নূর ইসলাম আত্মহত্যা করেছেন। পরে পুলিশকে খবর দেয়া হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, নুরুল ইসলামের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ও স্ত্রীর দুই ভাইকে আটক করা হয়েছে।

দ্রুত রহস্য উদঘাটনে জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।