জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দ্বীন ইসলাম (৩৮) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। 

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের পাটুয়ারপাড় এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম পাটুয়ারপাড় এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দ্বীন ইসলামের সঙ্গে জমি নিয়ে দুঃসম্পর্কের চাচাতো ভাই আনোয়ার হোসেনের বিরোধ চলে আসছিলো। এই জের ধরে সোমবার সকালে পুনরায় তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলে প্রথমে দ্বীন ইসলাম ও তার ভাই নজরুল এবং ইসমাইল মিলে আনোয়ার হাসেনের উপর হামলা করেন। পরে  আনোয়ারের লোকজনও পাল্টা হামলা চালিয়ে দ্বীন ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আনোয়ার হোসেনও ধাঁরালো দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়। পরে আনোয়ার হোসেনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, পূর্ব বিরোধ নিয়ে দ্বীন ইসলাম নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।