বিএনপি-জামায়াত ও সমমনা অন্য বিরোধী দলগুলোর ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথম ও তফসিল ঘোষণার দিন সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ স্থানে যানে আগুনের সংবাদ পাওয়া গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নাটোরে বনপাড়া উপজেলার নয়াবাজারে একটি কাভার্ড ভ্যানে আগুন লেগেছে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে বনপাড়া ফায়ার স্টেশনের দুইটি ইউনিট কাজ করছে।
এছাড়া সিলেট সদরের শাহপরানের দাসপাড়া এলাকায় রাত ৮টা ৪৮ মিনিটে একটি লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। সিলেট সেনানিবাস ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বগুড়া সদরের শাকপালায় ৮টা ৫৫ মিনিটে কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে বগুড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট।
রাত ১০টার দিকে ঢাকার দোহার বাজারে একটি ট্রাকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে দোহার ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
সবশেষ চট্টগ্রামের ওয়াসার মোড়ের খুলশী এলাকায় রাস্তার পাশে পার্কিং করা দুইটি বাসে রাত ১১টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪১টি ইউনিট এবং ৭৭৬ জন জনবল কাজ করেছে।
প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ পালন করে বিএনপি। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় অবরোধ পালন করে দলটি।
পরে ৬ নভেম্বরই আসে তৃতীয় দফা অবরোধের ঘোষণা। শনিবার চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ দেয় বিএনপি ও সমমনারা।
বুধবার থেকে টানা ৪৮ ঘণ্টার পঞ্চম দফার অবরোধ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যা এখন চলছে।
২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত মোট ১১০টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর-১টি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৭টি, ৪ নভেম্বর ছয়টি, ৫ নভেম্বর ১৩টি এবং ৬ নভেম্বর ১০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।