নওগাঁর মান্দা উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রব্যবসায়ী মিজান শেখ (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১২ জুলাই) রাতে উপজেলার কিত্তলী গ্রামের জ্যোতি কোল্ড স্টোরেজের পাশ থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব। এসময় তার কাছে থেকে ছয় রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি শুটারগান উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মিজান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর বাগদোয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
র্যাব-৫ এর রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, সোমবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় মান্দা উপজেলার কিত্তলী গ্রামে জ্যোতি কোল্ড স্টোরেজের পাশে অস্ত্র কেনাবেচা করা হবে। এমন তথ্যের ভিতিত্তে কোম্পানীর উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনসহ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: ঢাকায় কেজি দরে বিক্রি হবে বারোটি বিমান!
এসময় রাত আটটার দিকে স্টোরেজের পাশ থেকে মিজান শেখকে আটক করা হয়। ছয় রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
মেজর সানরিয়া চৌধুরী আরো জানান, মিজান অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে বিক্রয়ের লক্ষে নিয়ে এনেছিল। সে দীর্ঘদিন থেকে অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল বলে র্যাবের কাছে স্বীকার করেছে।
এ ঘটনায় নওগাঁ জেলার মান্দা থানায় একটি মামলা দায়ের করা রয়েছে বলেও জানায় র্যাব।
একাত্তর/আরএইচ