খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে দুটি কক্ষের আসবাবপত্র, ফটোকপি মেশিনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, আগুন লাগার খবর পেয়ে রাত দুইটা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই অগ্নিকাণ্ডে দুটি কক্ষের নথিপত্র ও কিছু আসবাবপত্র পুড়ে গেছে। আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, রাত পৌনে তিনটার দিকে অফিসে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে দেখেন। আগুনে ফটোকপি মেশিনসহ বেশ কিছু কাগজ পুড়ে গেছে। তিনি আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও অফিসের পেছনে একটি বোতল এবং কাগজ ও পুড়ে যাওয়া কাগজের অংশ পাওয়া গেছে।
খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনুভা ইসলাম জানান, রাতের আগুনে সমাজসেবা কার্যালয় ও ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্তের মাধ্যমে আগুনের প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
এদিকে ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার ও জেলা পরিষদের চেয়ারম্যান। তারা বলেন, এই অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এই ঘটনায় সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বড়ো ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
