কিশোরগঞ্জের হাওরাঞ্চলের আলোচিত ও মোস্ট ওয়ান্টেড এক ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা, চুরি, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় ১৭টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ইটনা উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম হযরত আলীকে (৩৫)। তিনি মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, হযরত আলী আন্তজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। হাওরাঞ্চলে নৌডাকাতি, চুরি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি হাওরাঞ্চলে ত্রাস সৃষ্টি করে আসছিলেন এবং জেলা পুলিশের শীর্ষ অপরাধীর তালিকায় তিনি ‘মোস্ট ওয়ান্টেড’ ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে ইটনা উপজেলার ছিলনী সেতু এলাকায় অবস্থান নিয়ে হযরত আলী বড়ো ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন—এমন গোপন খবরে অভিযান চালায় ইটনা থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দ্রুত পাশের কাকটেঙ্গুর গ্রামের দিকে পালিয়ে গিয়ে আত্মগোপন করেন।
তাকে গ্রেপ্তারের জন্য তাৎক্ষণিকভাবে পুলিশ রাতভর ওই গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে বৃহস্পতিবার দিনভরও চিরুনি অভিযান অব্যাহত রাখা হয়। একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ইটনা থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ খান জানান, গত বর্ষা মৌসুমে হাওরাঞ্চলে সংঘটিত একাধিক বড়ো ডাকাতির ঘটনায় হযরত আলী নেতৃত্ব দিয়েছিলেন বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে ধরতে ইতিপূর্বে পুলিশ একাধিকবার অভিযান চালালেও তিনি প্রতিবারই কৌশলে পালিয়ে যেতেন। এই ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।
