নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাস ফেরত এক ব্যক্তির গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে আট ভরি স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোনসহ অন্তত ১২ লাখ টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ভোররাতে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় এই ঘটনা ঘটে।
চাদঁপুরের কচুয়া থানাধীন উত্তর নোয়াগাঁও এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, তার ভাগিনা আমিন, আল-আমিনের স্ত্রী ফাহিমা ও শিশুপুত্র আবদুল্লাহ দীর্ঘদিন পর সৌদি আরব থেকে সোমবার গভীর রাতে ঢাকায় ফিরেছেন। ঢাকা এয়ারপোর্ট থেকে তাদের নিয়ে একটি হায়েস গাড়ি চাদঁপুরের উদ্দেশে রওনা দিলে ভোর ৪টার দিকে তারা তারাবো বিশ্বরোড এলাকায় পৌঁছায়। এসময় পুলিশের পোশাক পরে ৬/৭ জন তাদের গাড়ি থামিয়ে তল্লাশির কথা বলে ভয় দেখিয়ে আট ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও চারটি মোবাইল ফোনসহ ১২ লাখ টাকার মালামাল লুটে নেয়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন জানান, পুলিশ পরিচয়ে মালামাল লুটের ঘটনায় মঙ্গলবার রাতে রূপগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।